ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নলকূপের মাথায় দাউ দাউ করে জ্বলছে আগুন

নলকূপের মাথায় দাউ দাউ করে জ্বলছে আগুন
×

নলকূপে আগুন ধরালে দাউ দাউ করে জ্বলে উঠছে। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৯:০৬

কলমাকান্দায় একটি নলকূপ থেকে অবিরাম গ্যাস নির্গমন হচ্ছে। আগুন ধরালে দাউ দাউ করে জ্বলে উঠছে। যা দেখতে রংছাতি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

ঘটনাটি ঘটেছে স্থানীয় আবুল কাশেমের বাড়িতে। প্রায় পাঁচ বছর আগে ২৬০ ফুট গভীর নলকূপ বসান তিনি। এরপর থেকেই নলকূপের ভেতরে অস্বাভাবিক শব্দ শোনা যেত। সম্প্রতি নলকূপটি খুলে ফেললে গ্যাস বের হতে শুরু করে। আগুন ধরালে দাউ দাউ করে জ্বলে ওঠে।

বাড়ির গৃহিণী আমিরন নেছা বলেন, ‘প্রথমে তো বিশ্বাস হয়নি। পরে দেখি সত্যিই আগুন জ্বলছে। সেই আগুনে দুই দিন রান্নাও করেছি। কিন্তু এখন ভয় লাগছে, তাই বন্ধ করে রেখেছি।’

বাড়ির মালিক আবুল কাশেম জানান, খবর ছড়িয়ে পড়ার পর থেকে গ্রামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই আছে। অনেকে বলছেন, জীবনে প্রথমবার এমন ঘটনা দেখছেন।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের ভাষ্য, এই এলাকায় আগে আরও কয়েক জায়গায় এভাবে গ্যাস উঠেছিল। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা হলে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

স্থানীয়দের মতে, নলকূপ থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও উৎস জানতে দ্রুত বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। অন্যথায় অযথা আতঙ্ক ছড়াবে এবং কৌতূহলবশত কেউ বিপদে পড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, এটি একটি অস্বাভাবিক ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি গ্যাসই। তবে দুর্গন্ধ মুক্ত। অসতর্কভাবে ব্যবহার করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রশাসনকে বিস্তারিত জানানো হয়েছে।’
 

আরও পড়ুন

×