সুনামগঞ্জে দুই দিন ধরে নিখোঁজ জমিয়ত নেতা
মুশতাক আহমদ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০০
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি। তাঁর সন্ধান চেয়ে বৃহস্পতিবার শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জের বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের আবদুল মন্নানের ছেলে। তাঁর পরিবার ও স্বজনরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
গত বুধবার বিকেলে মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় এ বিষয়ে জিডি করেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টায় সর্বশেষ তাঁকে দিরাই সড়ক মোড়ে দেখা গেছে।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অপহরণের আলামত থাকলে তা-ও খুঁজে বের করার দাবি জানান।
সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনউদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মুশতাক সুনামগঞ্জ এসেছিলেন। তাদের একজন কর্মী তাঁকে যাওয়ার সময় অটোরিকশায় তুলে দিয়েছেন। তাঁকে সর্বশেষ ১১টা ২০ মিনিটে দিরাই সড়ক মোড়ে সিসি ক্যামেরায় দেখা গেছে।
মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বলেন, ‘উনার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। আমি থানায় জিডি করেছি।’
শান্তিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমান বলেন, পুলিশের অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
- বিষয় :
- নিখোঁজ
