ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমাবদ্ধতার মধ্যেও সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

সীমাবদ্ধতার মধ্যেও সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২৯

সীমাবদ্ধতার মধ্যেও সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক। তবে সরকারের সীমাবদ্ধতা ও বিপর্যস্ত একটা অর্থনীতি মধ্যেও আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।’

শুক্রবার সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে হসমপাতালটির কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, নার্স, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হার্টের রোগীদের রিং এর দাম ও ক্যান্সারের ওষুধসহসহ অনেক ওষুধের দাম কমানো হয়েছে উল্লেখ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম। এটি চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন করোনা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই ধরনের আরও হাসপাতাল গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে।’

নূরজাহান বেগম আরও বলেন, ‘আমাদের নার্সদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষভাবে তৈরি করতে হবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বাড়াতে হবে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে কোয়ালিটি টিচিং দরকার। বর্তমান সরকার মেডিকেল শিক্ষায় কোয়ালিটির ব্যাপারে কোনো প্রকার ছাড় দেবে না। যারা কোয়ালিটি নিশ্চিত করতে পারবে না, তাদের ব্যাপারে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে’। এ সময় তিনি ডাক্তারদের কোনো দল থাকতে পারে না এবং তাদের মানবিক হতে হবে বলেও মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের এনআইসিইউ, পিআইসিইউসহ কয়েকটি বিভাগ পরিদর্শন করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে তাকে অবহিত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ডা. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান প্রমুখ।

আরও পড়ুন

×