ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমানা প্রাচীর নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিরিচের কোপে দিনমজুর নিহত

সীমানা প্রাচীর নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিরিচের কোপে দিনমজুর নিহত
×

নুরুল কবির

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিরিচের কোপে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের কিরিচের কোপে গুরুতর আহত হন নুরুল কবির।

নিহত নুরুল কবির একই এলাকার মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন, নিহতের মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭)। আহতদের মধ্যে জানে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার মধ্য রাতে নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে, মামলার আসামিদের পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।

জানা যায়, গত মাসে নিহতের প্রতিবেশী আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, নজির আহমদ, নেয়াজুর রহমান ও আব্দুস সোবাহান মিলে নিহত নুরুল কবিরের বসতঘরের পার্শ্ববর্তী বাথরুম উচ্ছেদ করে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। ওই সময় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। এরপর নুরুল কবির বাদী হয়ে গত ৩১ আগস্ট সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

আরও জানা যায়, শনিবার অভিযুক্তরা পুনরায় বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা নুরুল কবিরের মাথায় কিরিচ দিয়ে কোপ দেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। আহত জানে আলমকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল মজিদ ও শহিদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, সীমানা নিয়ে বিরোধের জেরে দিনমজুর নিহতের ঘটনায় শনিবার মধ্য রাতে নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন

×