পাবনায় বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা
বিচারকদের সঙ্গে প্রতিযোগিরা। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:১৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২০
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং সমকালের যৌথ উদ্যোগে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার (৬ সেপ্টেম্বর) পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতার। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ৯টায় প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত ও পরে সমবেত জাতীয় সংগীতের মধ্যে দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় পাবনা স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মূসালাত আদিয়াত অয়ন।
এ ছাড়া পাবনা জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ পাবনা, ছিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী এই বির্তক প্রতিযোগিতায় অংশ নেন।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাজু আহমেদ, সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সুমনা ঘোষ, পাবনার বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজিজা পারভীন। মডারেটরের ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম প্রমুখ।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল মির্জা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের সাবেক কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, অনুষ্ঠানের মডারেটর বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর আলম। এ সময় পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, সাংবাদিক মিজানুর রহমান মিজান, মোস্তাফিজুর রহমান রাসেল, মাসুদ রানা, শিশির ইসলাম, হাসান মাহমুদ, আসিফ মাহমুদ, সোহাগ মল্লিক, আলামিন, খালেদা আহমেদসহ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাবনা
- জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
