চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক নূরুল্লাহ নূরী
মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:০২
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার সন্ধ্যায় বাণিজ্য সংগঠন-১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নূরুল্লাহ নূরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, সোমবার সকালে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে ব্যবসায়ীদের একাংশ আনোয়ার পাশার অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ ছিল, দীর্ঘ এক বছর পার হলেও চেম্বারে ব্যবসায়ীদের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তাই বর্তমান প্রশাসকের পদে আরেক দফা মেয়াদ না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ব্যবসায়ীদের এই প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো।
