রিয়াজুল ফরাজি হত্যা
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৬
জুলাই গণঅভ্যুত্থানে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।
এর আগে গত ২২ জুন দিনগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গেল বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে।
