দুর্গাপূজায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সতর্ক থাকতে হবে: ধর্ম উপদেষ্টা
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:২৮
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গাপূজায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দুষ্কৃতকারীরা মাজারে হামলা চালায়, মন্দিরকেও অপবিত্র করার চেষ্টা করে। দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনা যারা অপবিত্র করতে চায় তারা অপরাধী। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি।’ তিনি বলেন, ‘মন্দির ও মণ্ডপে সিসি ক্যামেরা বসানো আছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাতের বেলা হামলা হয়। অন্ধকারে ঢিল মেরেও দুষ্কৃতকারীরা মন্দির অপবিত্র করতে চায়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। গোয়েন্দারাও বিভিন্ন জায়গায় তৎপরতা চালাবে। জেলা প্রশাসকদের হটলাইন চালু করতে বলেছি। আপনারা যদি কোনো আশঙ্কা অনুভব করেন, তাহলে হটলাইনে জানালে মুহূর্তের মধ্যে আপনাদের পাশে এসে দাঁড়াব।’
তিনি বলেন, ‘আমরা সবাই এ দেশের নাগরিক। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নেই, দ্বিতীয় কোনো ঠিকানা নেই। আমাদের দেশ নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতির। এখানে মসজিদে আজান হয়, মন্দিরে শঙ্খধ্বনি হয়। এ বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমি আমার ধর্ম পালন ও চর্চা করব। অন্যরাও যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেই সুযোগ করে দিতে হবে।
- বিষয় :
- ধর্ম উপদেষ্টা
- চট্টগ্রাম
