সাগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৩২
বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে যাওয়ার উদ্দেশে নৌকায় ওঠার সময় পানিতে পড়ে নিখোঁজ জেলে মো. আরিফের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৭ ঘণ্টা পর শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার পরুয়া পাড়ার ফুলতলী সৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার আগে একইদিন দুপুর ২টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট থেকে চার মাঝি-মল্লাসহ সাগরে মাছ ধরতে যাওয়ার সময় সাগরে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় থাকতেন।
স্থানীয় জেলে লোকমান জানান, শুক্রবার দুপুরে চার জেলে উঠান মাঝির ঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকায় ওঠার সময় সাগরের হাঁটুপানিতে পড়ে জোয়ারে স্রোতে ভেসে যায় আরিফ। এসময় অনেক খোঁজাখুঁজির পরেও তার তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজের ৭ ঘণ্টা পর পরুয়াপাড়ার ফুলতলী সৈকত এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় স্বজনদের পাশাপাশি উপকূলের জেলেদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
বার আউলিয়া ঘাট নৌ পুলিশের দায়িত্বরত ইনচার্জ আবদুর রহমান বলেন, নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও আরিফকে পাওয়া যায়নি। সাত ঘণ্টা পর ঘটনাস্থলের ৪ কিলোমিটার উত্তর পাশে সৈকতের বালি চরে তার মরদেহ আটকা পড়ে। বিষয়টি স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম
- আনোয়ারা
