ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
×

ফাইল ছবি

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩১

বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চর কবাই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি পরিবারের সদস্যদের।

স্থানীয়রা জানায়, নিহত সোহেলের বাড়ি চর কবাই এলাকায়। তিনি পেশায় কৃষক। শনিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা করে তাঁকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাঁকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বোরবার ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ডাকাত আটকের খবর দেওয়া হলেও পুলিশ গিয়ে মরদেহ পেয়েছে। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম বলেন, কয়েক দিন আগে কবাই চরে তরমুজ চাষের জন্য আমার স্বামীর কাছে জমি চেয়েছিলেন স্থানীয় শাহীন হাওলাদার, তাঁর ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন। না দেওয়ায় তারা শনিবার রাতে ফোন করে কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। এর পর রাত ১২টার দিকে বাড়ির পাশের মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।

মেয়ে ফাতেমা আক্তার জানান, তাঁর বাবা নির্দোষ ছিলেন। তরমুজ ক্ষেতের জমি না দেওয়ায় তাঁকে ডাকাত সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শাহীন হাওলাদার বা তাঁর ভাই ফিরোজ হাওলাদার এলাকায় না থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। 

আরও পড়ুন

×