ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

রাজবাড়ীর দুই যুবক ইরাকে ১৫ দিন ধরে নিখোঁজ 

রাজবাড়ীর দুই যুবক ইরাকে ১৫ দিন ধরে নিখোঁজ 
×

প্রতীকী ছবি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ০১:১১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আবির হোসেন (২০) ও মেহেদী হাসান (৩০) নামে দুই যুবক গত ১৫ দিন ধরে ইরাকে নিখোঁজ রয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাদের কারও সঙ্গেই পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না। সন্তানদের খোঁজ না পেয়ে দু’জনের স্বজনরাই দুশ্চিন্তায় রয়েছেন। নিখোঁজ আবির হোসেন ও মেহেদী হাসান নবাবপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামের বাসিন্দা। আবিরের বাবার নাম গওছেল আজম ও মেহেদীর বাবার নাম মাজেদ মণ্ডল। 

আবিরের পরিবার জানায়, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি শ্রমিক ভিসায় ইরাকে পাড়ি জমান আবির। স্থানীয় পদমদী গ্রামের টিটনের মাধ্যমে প্রায় সাড়ে ৮ লাখ টাকা খরচ করে আবিরকে বিদেশে পাঠায় পরিবার। ইরাক গিয়ে আবির বাগদাদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কারবালা শহরের একটি রড-সিমেন্টের দোকানে কাজ করতেন। গত আগস্টের মাঝামাঝি বনগ্রামে আবিরদের প্রতিবেশী মেহেদীও ইরাক যান। সেখানে তিনি রাজধানী বাগদাদে থাকতেন। এক পর্যায়ে মেহেদীর সঙ্গে যোগাযোগ করে আবিরও বাগদাদ চলে আসেন। সেখানে তারা একটি কমিউনিটি সেন্টারে কাজ করতেন। আবিরের সঙ্গে সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ফজরের আজানের পর কথা হয়েছে পরিবারের সদস্যদের। এর পর থেকে আবির বা মেহেদী কারোরই খোঁজ পাওয়া যাচ্ছে না। 

আবিরের মা ইয়াসমিন আক্তার জানান, আবিরের বড় ভাই আলমগীর হোসেনও প্রবাসী। সে কিরগিজস্তানে থাকে। ১৫ দিন আবিরের সঙ্গে যোগোযোগ করতে না পেরে তারা ভীষণ দুশ্চিন্তায় আছেন। আবিরকে যার মাধ্যমে ইরাকে পাঠিয়েছিলেন সেই টিটনের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন। কিন্তু টিটন আবিরের কোনো সন্ধান দিতে পারছে না।
আবিরের বাবা গওছেল আজম জানান, বড় ছেলে আলমগীর আবিরের একটি টিকটক ভিডিওর স্থান শনাক্ত করে তার মালিকের সঙ্গে কথা বলেছেন। মালিক জানিয়েছেন, তিনি দেশের বাইরে। তবে ধারণা করেছেন, ওদের কোনো কারণে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। পুলিশ ধরলেও ছেলে হয়তো দেশে ফিরে আসবে, এমন আশায় বুক বেঁধে আছেন তারা। 

আরও পড়ুন

×