১৯ দিন পর মেসিডোনিয়া থেকে ফিরল রাজিবের লাশ
রাজিব শিকদারের কফিনবন্দি লাশ। ছবি: সমকাল
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ২০:২৩
ফরিদপুরের বোয়ালমারীর গুনবহা গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রাজিব শিকদার (৩২)। উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায়। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাত্র চার মাসের মাথায় ফিরতে হলো কফিনবন্দি হয়ে।
গত ১২ সেপ্টেম্বর দেশটিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা শিকার হন রাজিব। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অবশেষে ১৯ দিন পর আজ বৃহস্পতিবার তার লাশ দেশে আসে।
নিহতের পরিবার সূত্র জানিয়েছে, রাজিবের লাশ দেশে ফেরাতে দেখা দেয় অনিশ্চয়তা। গত ১৫ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করা হয়। এরপর স্থানীয় নেতৃবৃন্দের চেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজিবের লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে কফিন পৌঁছায় গ্রামে বাড়ি। এ সময় পরিবারের লোকজন ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে বাদ আসর নামাজে জানাযা শেষে ছোলনা কবরস্থানে রাজিবের লাশ দাফন করা হয়।
নিহত রাজিবের বাবা আতিয়ার শিকদার ও মা মমতাজ বেগম বলেন, শেষ পর্যন্ত আমার ছেলের লাশ ফিরে পেলাম। তার মরা মুখটা দেখতে পেলাম। মহান আল্লাহর কাছে ছেলের জান্নাত কামনা করি। রাজিবের লাশ ফিরিয়ে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
