দুর্যোগপূর্ণ আবহাওয়া ডিঙিয়ে এভারেস্ট বেইস ক্যাম্প সামিটে চট্টগ্রামের ৮ জন
.
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১২:৩৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ১২:৫৭
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সফলতার সঙ্গে এভারেস্ট বেইস ক্যাম্প সামিট সম্পন্ন করেছেন চট্টগ্রামের ৮ কৃতি সন্তান। কোয়েস্ট ক্রু বাংলাদেশ এবং এফএনএফ রাইডার্সের এই ৮ সদস্য বিশিষ্ট একটি যৌথ দল এমন কৃতিত্ব অর্জন করেছে।
শনিবার দুপুরে তারা এ সামিট সম্পন্ন করেন। এর মাধ্যমে তারা সেখানে লাল সবুজের গর্বের পতাকা উড়ান।
মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামালের নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন- মেরিন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, মেরিন ইঞ্জিনিয়ার রাফি রুকন, ক্যাপ্টেন সাখাওয়াত কমল, মেরিন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান রাজু, মেরিন ইঞ্জিনিয়ার ইমরুস সাঈদ, জুয়েল ফরাজী ও মোহাম্মদ আলী। সামিটের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত দলটি গত ২৭ সেপ্টেম্বর নেপালের লুকলা থেকে পায়দল ট্রেকিং শুরু করে।
পরবর্তীতে ৩ অক্টোবর ফ্যাকডিং, নামছে বাজার, টেংবুচে, ডিংবুচে, লবুচে হয়ে এভারেস্টের গোড়ায় গোরাকশেপে এসে পৌঁছায়। ৪ অক্টোবর সকাল সাড়ে ৭টায় তুষারপাত ও ঝড়ো হাওয়া সামনে রেখে বেইস ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুর ১১টা ৪৫ মিনিটে তারা সামিটে আরোহন করেন। অভিযাত্রী দলের সবাই সামিট শেষে নিরাপদে স্থানীয় গন্তব্যে পৌঁছান।
