ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ১ যাত্রীর মৃত্যু

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ১ যাত্রীর মৃত্যু
×

.

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১৩:০৯

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত মো. ফয়সাল (৪৭) নামের এক যাত্রী মারা গেছেন। রোববার রাত ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ফয়সালের স্ত্রী রাণী আকতারসহ (৩১) আরও চার জন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন।

নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।

এর আগে, শনিবার দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।

নিহত ফয়সালের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, শনিবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দ্রুতগতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝে পথে বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, টানেলে দুর্ঘটনায় আহত অবস্থায় ৬ জনকে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তাদের মধ্যে ফয়সাল নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×