ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাতক্ষীরায় দিনভর তর্কযুদ্ধে সেরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়

সাতক্ষীরায় দিনভর তর্কযুদ্ধে সেরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়
×

জেলা বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা

সাতক্ষীরা  সংবাদদাতা 

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৩:২৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ | ১৩:৪৮

বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি প্রতিপাদ্যে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার জেলা পর্ব। 

উৎসবের আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয় চ্যাম্পিয়ন দলের তাহারিমা তাসলিম মায়েশা।

অংশ নেওয়া অন্য স্কুলগুলো হলো– সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাপাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নগরঘাটা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়। 

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথি ছিলেন সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক ব্যানার্জি। আরও বক্তব্য রাখেন নলতা আহসানিয়া রেসিডেনশিয়াল কলেজের অধ্যাপক মোমেনা খানম, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার হালদার, সুহৃদ-সমাবেশ জেলা সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ সুহৃদরা।

এ সময় বক্তারা সমকালের সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়; এটি এক অনন্য শিক্ষণ প্রক্রিয়া এই উপলব্ধিই যেন শিক্ষার্থীদের চোখে মুখে দীপ্ত হয়ে উঠেছে। তারা বুঝিয়েছে, যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান মানুষকে মুক্তি দেয়।


অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

আরও পড়ুন

×