নিখোঁজের পরদিন মিলল শিক্ষার্থীর মরদেহ
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৪:২৯
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের একদিন পর বন্যার পানিতে ভাসমান অবস্থায় আলমগীর হোসেন (১৭) নামে এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে এ বছর আনোয়ারা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে আলমগীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
