কুমিল্লা নামেই বিভাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৫:০৩
কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ। এসময় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা।
বৃহত্তর কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটরদের আয়োজনে শুক্রবার বিকালে নগরীর পূবালী চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতল অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত।
তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না, তাদেরকে বাদ দিয়েও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।
এর আগে ওই সমাবেশে জড়ো হন কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় তাদেরকে কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে দেখা যায়।
বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও এবি পর্টির জেলা সদস্য সচিব গোলাম সামদানী প্রমুখ।
- বিষয় :
- কুমিল্লা
- বিভাগ
- বিক্ষোভ সমাবেশ
