ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা নামেই বিভাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা নামেই  বিভাগ দাবিতে  বিক্ষোভ সমাবেশ
×

কুমিল্লা নামেই বিভাগ দাবিতে শুক্রবার নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহত্তর কুমিল্লার কনটেন্ট ক্রিয়েটরদের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে নগরীর পূবালী চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। পরে পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তারা বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না, তাদের বাদ দিয়েও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

এর আগে ওই সমাবেশে জড়ো হন কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাদের কুমিল্লা বিভাগের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়।
সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও এবি পার্টির জেলা সদস্য সচিব গোলাম সামদানী প্রমুখ।
 

আরও পড়ুন

×