মেঘনায় অভিযানে জেলেদের হামলা, প্রকল্প উপপরিচালকসহ আহত ১০
ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিনের মাথায় সাতটি সেলায় দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২২:২৩
বরিশালের মেহেন্দিগঞ্জ ও ভোলার সীমানার মধ্যবর্তী মেঘনায় ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছে। এতে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নাসিরের মাথায় সাতটি সেলায় দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত আটটার দিকে এ হামলা হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত সন্দেহে ২৭ জেলেকে আটক করা হয়।
হামলার তথ্য নিশ্চিত করে আভিযানিক দলটি জানায়, শনিবার বিকেল থেকে তারা হিজলা ও মেহেন্দিগঞ্জঘেষা মেঘনায় অভিযান চালান। নেতৃত্বে ছিলেন ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। অভিযানকারী আটটি দলের প্রতিটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। কোস্টগার্ড ও পুলিশ সদস্যও তাদের সঙ্গে ছিল।
হামলায় আহত মৎস্য অধিদপ্তরের প্রকল্প উপপরিচালক নাসির উদ্দিন জানান, তার নেতৃত্বাধীন ট্রলারটি মেহেন্দিগঞ্জ ও ভোলার মেঘনায় পৌঁছুলে জেলেরা সংঘবদ্ধ হামলা করে। জেলেরা ট্রলার থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি ও কোস্টগার্ড সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, যেখানে তারা হামলার শিকার হন, সেটি গভীর মেঘনা। হিজলার ৭ নং ও মেহেন্দিগঞ্জের ৮ নং ঘাট হিসেবে পরিচিত। গত ৪ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। তবে ওই স্থানে গিয়ে দেখা যায়, জেলেরা ইলিশ নিধন করছে। সেখানে শনিবার প্রথম কোনো অভিযানকারী দল গেছে বলেও জানান তিনি।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, হামলায় সম্পৃক্ত থাকায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচজনকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুইজন কিশোর হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।
