ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা মহাসড়কে

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা মহাসড়কে
×

কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সংগৃহীত ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:১৫

কুমিল্লা বিভাগের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড ও আলেখারচর এলাকা প্রদক্ষিণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর থেকেই কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। অধিকাংশই ছিলেন তরুণ ও যুবক। অল্প সময়েই কয়েক হাজার বাইকারের মিলনমেলায় পরিণত হয় মহাসড়কের এই অংশটি। বিভাগে বাস্তবায়ন দাবিতে সোচ্চার স্থানীয় যুবকদের আয়োজনে এটি ছিল অরাজনৈতিক ব্যানারে কুমিল্লার ইতিহাসে সর্ববৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা। এ সময় সকলের মুখে মুখে শ্লোগান- দাবি মোদের একটাই কুমিল্লার নামে বিভাগ চাই। কেউ হাতে ও বুকে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে স্লোগান—সব মিলিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা রূপ নেয় কুমিল্লা বিভাগ দাবির মিছিলে। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে অনেকে দোকানপাটের সামনে দাঁড়িয়ে সকল শ্রেণির মানুষকে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। 

শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ চাই।

মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া কলেজ ছাত্র সালেহ আকরাম রনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে এই অঞ্চল বরাবরই অগ্রগামী। কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন? তিনি আরও বলেন কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি, অন্যথায় ঐক্যবদ্ধ কুমিল্লাবাসী বড় ধরনের প্রতিবাদ কর্মর্সূচি দিতে বাধ্য হবে। 

আরও পড়ুন

×