ইলিশ নিধন
ফের জেলেদের হামলার শিকার অভিযানকারী দল, গুলিবর্ষণ
উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আহত কমপক্ষে ১৫ জন
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছেন জেলেরা। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৯:০৭
বরিশালে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর আবারও হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ নিধনকারী জেলেরা। এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হামলার শিকার হলেন তারা।
আজ রোববার বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে তাদের ওপর হামলা চালায় জেলেরা। এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সমকালকে বলেন, দুটি স্পিডবোটে আমরা রোববার মেঘনায় অভিযানে যাই। বিকেল সাড়ে তিনটার দিকে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় পৌঁছালে ইলিশ নিধনকারী জেলেদের ২০টি ট্রলার আমাদের ঘিরে ফেলে। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন ছিল। সবার হাতে ছিল লাঠিসোটা। তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবেলা করতে কোস্ট গার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে। কোনোরকম সেখান থেকে অভিযানকারী দল ফিরে আসতে পেরেছে। উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫ জন হিজলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এর আগে আগে শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বরিশাল ও মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে অভিযানকারী দলের ওপর জেলেরা হামলা করে। সেখানেও ২০ রাউন্ড ফাঁকা গুলি করতে হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন বলেন, আমরা জান নিয়ে কোনোরকম পালিয়ে এসেছি।
কামাল হোসাইনের তথ্য মতে, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার হোসেনের নেতৃত্বে তিনটি স্পিডবোট অভিযানে গিয়েছিল। কালাবদর নদীর ঘটনাস্থলে পৌঁছালে ইলিশ নিধনকারী জেলেদের ট্রলার তাদের ঘিরে ফেলে লাঠিসোটা নিয়ে হামলা করে। আত্মরক্ষার্থে সহকারী কমিশনারের নির্দেশে আনসার সদস্যরা ২০ রাউন্ড গুলি করেছে।
- বিষয় :
- নিষেধাজ্ঞা
- মাছ শিকার
- ইলিশ
