ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাড়িবহরে হামলাকারী আমাদের দলের কেউ না: নায়াব ইউসুফ

গাড়িবহরে হামলাকারী আমাদের দলের কেউ না: নায়াব ইউসুফ
×

ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ। ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ২১:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ২২:০৩

ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদের গাড়িবহরে বিএনপির কেউ হামলা করেনি বলে দাবি করেছেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ও ওই আসনে মনোনয়নপ্রত্যাশী নায়াব ইউসুফ। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

নায়াব ইউসুফ বলেন, ‘এক বালক, যে আমাদের দলের কেউ না– আখ বা গেণ্ডারি দিয়ে গাড়িতে একটি হালকা আঘাত করে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীরা তাকে নিবৃত্ত করে আক্রান্ত গাড়িটি সেই স্থান থেকে সরিয়ে নিতে সুযোগ করে দেয়।’

সংবাদ সম্মেলনে তিনি জেলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘দুদিন ধরে আমাদের নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’

ফরিদপুর সদরের পরমানন্দপুর বাজারে গত রোববার বিকেলে এ. কে. আজাদের গণসংযোগকালে হামলা চালায় স্থানীয় যুবদল। কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নায়াব ইউসুফ আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরমানন্দপুরে হামলা এবং এর আগে এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনা বিচ্ছিন্ন। এ জাতীয় ঘটনা আগামীতে যাতে না ঘটে, সে ব্যাপারে নজর দেওয়া হবে।’

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নায়াব ইউসুফের নানা অভিযোগের বিষয়ে এ. কে. আজাদ বলেন, ‘সংবাদ সম্মেলনের নামে তিনি মিথ্যাচার করেছেন। কেননা, পরমানন্দপুরে হামলা পুলিশের সামনে ঘটেছে, তা সব গণমাধ্যমে এসেছে। ওইখানে আমি নামাজ শেষে সবেমাত্র একটা দোকানে এসে বসেছি, ওই সময় নায়াবের সমর্থকরা আমাকে ঘিরে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘সোমবার সদরের কৈজুরী ইউনিয়নের ১০ হাজার গ্রামে প্রাতরাশের দাওয়াত থাকলেও বিএনপি নেতাকর্মীর বিরোধিতার কারণে আমি সেখানে যেতে পারিনি। আশপাশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হচ্ছি। আমার কর্মী, সমর্থক ও অনুসারীর বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×