ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মা ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ৯ জেলে আটক

মা ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ৯ জেলে আটক
×

আটক ৯ জেলে। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১১:৫৮

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার সকালে জেলার মজুচৌধুরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি মাছ ধরার নৌকা, ৩০০ মিটার কারেন্টজাল এবং আনুমানিক ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মজুচৌধুরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা জালগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এদিন আরও একটি পৃথক অভিযানে সদর উপজেলার মেঘনা নদীর অন্য একটি অংশে জেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। তবে অভিযান টের পেয়ে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। সেখানে জব্দ করা হয় আরও কিছু কারেন্টজাল ও ইলিশ মাছ। এসব জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম। অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ইলিশের প্রজননকালীন সময়ে মা ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন

×