জাতীয় নিরাপদ সড়ক দিবস
সড়ক দুর্ঘটনার শিকার ৯ পরিবার পেল ৩৯ লাখ টাকা
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩৯ লাখ টাকার চেক বিতরণ। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৯:০৬
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ বুধবার দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করে বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন চট্টগ্রাম ও সওজ, চট্টগ্রাম।
সকাল ৯টার দিকে একটি র্যালি নগরীর ইস্পাহানী মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপির ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্র্যাক, সাংবাদিক প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারীচালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী প্রমুখ।
পরে নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- নিরাপদ সড়ক চাই
