দেখতে গিয়েছিলেন অসুস্থ মাকে, ফেরার পথে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সমকাল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ১৮:১৯
অসুস্থ মাকে দেখে ফিরছিলেন এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এ দম্পতির। এ সময় আহত হয়েছেন তাদের নাতিসহ আরও তিনজন।
আজ শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবাদুল হক ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান সাজেদা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের চাচাত ভাই ফারুক মণ্ডল।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- এবাদুল-সাজেদা দম্পতির পাঁচ বছর বয়সী নাতি রিফাত ও সিএনজিচালক বাদল মিয়া (৩২)। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানিয়েছে, ভালুকার হবিরবাড়ি এলাকার একটি কটন মিলে চাকরি করতেন এবাদুল হক। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে সকালে স্ত্রী ও মেয়ের সন্তানকে নিয়ে সিএনজি রিজার্ভ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হরিপুর এলাকায় গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান এবাদুল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে। এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়কে ঝরছে প্রাণ
- সড়কে নিহত
- ময়মনসিংহ
