শেরপুর
পাইপ বসাতে গিয়ে বের হলো গ্যাস, চলছে রান্না
নলকূপ বসাতে গিয়ে বেরিয়ে এসেছে গ্যাস। সেই গ্যাসেই চলছে গ্রামের মানুষের রান্না। ছবি: সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ২১:৪০
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি বাড়িতে নলকূপ বসাতে গিয়ে গ্যাস বেরিয়ে এসেছে। সেই গ্যাসেই চলছে গ্রামের মানুষের রান্না। এতে উচ্ছ্বাসের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও করছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জানা গেছে, গত ১৪ অক্টোবর রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে নলকূপ বসানোর কাজ করছিলেন কয়েকজন। তারা টিউবওয়েলের বোরিং শুরু করেন। দেড় ইঞ্চি পাইপ দিয়ে ৫৫ ফুট বোরিংয়ের পর পাইপ দিয়ে অনবরত গ্যাস আসতে থাকে। এরপর নতুন করে দুটি স্থানে ৪০ ফুট বোরিং করার পরও গ্যাস পাওয়া যায়। পরে মিস্ত্রিরা দুটি বোরিং মাটি চাপা দিয়ে রাখেন। এর মধ্যে একটি দিয়ে অনবরত গ্যাস বের হতে থাকে। এই গ্যাস দিয়ে কয়েকদিন ধরে রান্না করছেন অনেকে।
নূর মোহাম্মদ বলেন, ‘বোরিংয়ের গর্ত দিয়ে বুদ্বুদ শব্দে পানির সঙ্গে বাতাস বের হচ্ছে। এতে আগুন দিয়ে ভাত রান্না করা যাচ্ছে। এখন মাটির নিচে কী পরিমাণ গ্যাস আছে সেটা বোঝা যাচ্ছে না। সরকার যদি এই জায়গা খনন করে দেখত, তাহলে নিশ্চিন্ত হতাম। আমি তো ভয়ে আছি, কখন যে কোন বিপদ হয়।’
স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, ‘গ্যাস প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সরকারের। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী জামালপুরে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। এখানেও গ্যাস থাকতে পারে। তাই সরকারের এদিকে নজর দেওয়া দরকার।’
রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী বলেন, ‘গ্যাস বের হওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কী হয় বোঝা মুশকিল। দ্রুত সময়ের মধ্যে সরকারি ব্যবস্থা নেওয়া দরকার।’
জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, প্রাকৃতিক গ্যাসের কী পরিমাণ মজুত রয়েছে, সে বিষয় দেখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে উন্মুক্ত জায়গায় এভাবে বোরিংয়ের গর্ত দিয়ে আসা গ্যাসে আগুন দেওয়া ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
