ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
×

সায়মা হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২১:২৮

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।

মৃত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

শিক্ষার্থীরা জানায়, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যাঁ, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

রামেকের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটায় এখানে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পালস দেখে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য মর্গে পাঠিয়েছি।’

আরও পড়ুন

×