ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ২

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ২
×

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস -সমকাল

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০ | ০৭:৫০

কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনা ঘটেছে। এসময় সুইচ বন্ধ করতে গিয়ে সায়েদুল ও কামাল হোসেন নামের দু’জন অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশের পাশে খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কমপ্রেসার রুমে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করার চেষ্টা করে। এতে তারা দু’জনেই অগ্নিদ্বগ্ধ হয়। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের তীব্রতায় এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশেই একঘণ্টা  যান চলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।  এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ যানবাহনসহ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। অগ্নিদ্বগ্ধ দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি তদন্ত স্বাপেক্ষে জানা যাবে।

আরও পড়ুন

×