ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চালবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গেল ট্রেনের ইঞ্জিন, নিহত ১

চালবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গেল ট্রেনের ইঞ্জিন, নিহত ১
×

ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়। ছবি: মো. রাশেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৩:০৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১৪:৩৪

চট্টগ্রামে মালবাহী ট্রেন যাওয়ার সময় একটি চালবাহী ট্রাক তাতে ধাক্কা দিয়েছে। ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি মালবোঝাই বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সাগরিকা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।

নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম। তিনি নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরিকা স্টেডিয়াম রেলগেটে মালবাহী ট্রেনটি পার হচ্ছিল। এ সময় ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি মালবোঝাই বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান সমকালকে বলেন, ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারও কোনো গাফিলতি ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে রেল যোগাযোগ চালু করতে কাজ চলছে।

আরও পড়ুন

×