ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ২০:৪৮

চট্টগ্রামে ১০ বছরের শিশুছাত্রকে বলাৎকারের দায়ে আবদুল মজিদ নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৭ এর জজ এস এম জিয়াউর রহমান এ রায় দেন।

মজিদ কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের এক হিফজ মাদ্রাসার শিক্ষক।
 
ট্রাইব্যুনাল পি পি শফিউল মোরশেদ চৌধুরী বলেন, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আটজনের সাক্ষ্য শেষে প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। রায়ের পর আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওই শিশুছাত্র ঘুমাচ্ছিলেন। তখন তাকে আব্দুল মজিদ রুমে ডেকে নিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে কোরআন শপথ করানো হয়। পরদিন ২৭ ফেব্রুয়ারি ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। পরে পাঁচলাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। আসামিকে হামজারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ মামলায় মজিদকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। এতে ৮ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়।

আরও পড়ুন

×