হালদা নদীতে ভেসে উঠল ২০ কেজির মরা কাতলা, সুরতহাল শেষে মাটিচাপা
হালদা নদী। ফাইল ছবি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১৫:২২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ১৫:৩১
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ মরে ভেসে উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীর আজিমের ঘাট এলাকা থেকে অর্ধগলিত মাছটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মাছটি মাটিচাপা দেওয়া হয়।
জানা যায়, পাহারাদার রোশনগির আলম রাতে নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসা মাছটি উদ্ধার করেন তিনি।
পাহারাদার রওশনগীর আলম জানান, ‘হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত টহলের সময় রাত সাড়ে ১১টার দিকে একটি অর্ধগলিত কাতলা মাছ ভেসে থাকতে দেখি। বিষয়টি রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে ফোনে জানাই। মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তা রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাছের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মাছটি মাটিচাপা দেওয়া হয়।’
এ বিষয়ে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির মৃত্যুর সময় বয়স ছিল ১১ থেকে ১২ বছর। মাছের গায়ে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটির অধিকাংশ পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গসমূহ ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। এটি পুরুষ মাছ বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বার্ধক্যের কারণে কাতলা মাছটি মারা যেতে পারেন বলেও তিনি দাবি করেন।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদা নদী অরক্ষিত। এই সুযোগে নদীর বিভিন্ন অংশে জাল ও বঁড়শি দিয়ে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে। তাই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে।
