ফরিদপুরের ২৯ মসজিদে এ. কে. আজাদের পক্ষে আর্থিক অনুদান
নর্থচ্যানেল ও ডিক্রিরচরের ২৯ মসজিদ ও একটি কবরস্থানে অনুদানের টাকা দেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম. এ. মোতালেব হোসেন। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৯:৩০
ফরিদপুর সদর আসনের নর্থচ্যানেল ও ডিক্রিরচরের ২৯ মসজিদ ও একটি কবরস্থানে সাবেক (স্বতন্ত্র) সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের পক্ষে আর্থিক অনুদান দিয়েছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম. এ. মোতালেব হোসেন।
রোববার দিনব্যাপী নর্থচ্যানেলের ১৬, ডিক্রিরচরের ১৩ মসজিদ ও একটি কবরস্থানে অনুদান দেওয়ার পর শহরতলীর ধলার মোড়ে এক পথসভায় এম. এ. মোতালেব হোসেন বলেন, এ. কে. আজাদ গার্মেন্টস শিল্পে হা-মীম গ্রুপকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন। তিনি হা-মীম গ্রুপের মাধ্যমে সদর আসনের বেকারত্ব সমস্যা কমিয়ে এনেছেন। ফরিদপুরের অর্ধলাখ ছেলে-মেয়ে হা-মীম গ্রুপে চাকরি করছেন। আপনারা এ. কে. আজাদকে ভালোবাসা, সমর্থন ও ভোট দিয়ে গত নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে জয়যুক্ত করেছেন। এজন্য আমরাও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এ. কে. আজাদ এ জনপদের বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছেন। তাকে এ কাজে সহযোগিতা করতে আগামী নির্বাচনে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মসজিদে অনুদান দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- খন্দকার নাজমুস সাকিব তন্ময়, জাহাঙ্গীর মল্লিক, রাফিজুল খান, ইঞ্জিনিয়ার সোলাইমান শেখ ও রুহুল আমিনসহ নেতাকর্মীরা।
- বিষয় :
- ফরিদপুর
- এ. কে. আজাদ
- অনুদান
- মসজিদ
