রাকসু তহবিলের ২২ বছরের টাকার হদিস নেই
তদন্তে কমিটি গঠন
রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিরা। ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২২:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) দায়িত্ব নেওয়ার ১০ দিন পরও তহবিল বুঝে পাননি নবনির্বাচিত প্রতিনিধিরা। ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত ২২ বছরের রাকসু তহবিলের টাকার হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ নভেম্বর প্রতিবেদন জমা দেবে।
বুধবার রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচিত প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর এজিএস সালমান সাব্বির। তিনি বলেন, শপথ নেওয়ার পর রাকসু প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো রাকসু তহবিলকে ব্যবহার উপযোগী করা। রাকসুর মেয়াদ এক বছর। দায়িত্ব নেওয়ার পর আমরা ইশতেহার পূরণে কর্মপরিকল্পনা করি। এগুলো বাস্তবায়নে রাকসু তহবিলে ব্যবহার উপযোগী যে অর্থ প্রয়োজন, তা পাইনি।
সালমান সাব্বির বলেন, প্রথম অধিবেশনে আমরা আশা করেছিলাম, রাকসু তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাব। তবে রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেননি। দীর্ঘ ৩৬ বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিত কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ তহবিলের অর্থ ইচ্ছেমতো বিভিন্ন খাতে খরচ করেছেন।
তিনি আরও বলেন, এই টাকা কে, কোথায়, কীভাবে খরচ করেছেন এবং কীভাবে ফেরত আনা যায়– সে ব্যাপারে একটি কমিটি করা হয়েছে। কমিটি ১৫ নভেম্বরের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবেন।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ২০১৩ সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং ২০২১ সাল থেকে অনলাইন হিসাব আছে। মুজিব শতবর্ষ পালনে প্রশাসন ১২ লাখ টাকা রাকসু তহবিল থেকে খরচ করেছে। এর আগে তিন মেয়াদে তারা টাকা নিয়েছে। যার কোনো হিসাব নেই।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসু তহবিলের হিসাব আমাদের কাছে এখনও পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়নি। আমরা রাকসু তহবিলের অডিট কমিটি পাস করাতে পেরেছি, তবে এটি আরও আগেই করা উচিত ছিল। শুধু তহবিলের হিসাব পেতেই যদি ছয় মাস লেগে যায়, তাহলে বছরে নির্ধারিত সব কার্যক্রম আমরা কীভাবে শেষ করব।
- বিষয় :
- রাকসু
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
