প্রবীণ শিক্ষককে হাতুড়িপেটা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর পাংশায় দুই বাড়িতে ডাকাতির মামলায় আসামি গ্রেপ্তারের জেরে এক প্রবীণ শিক্ষকের ওপর হামলা হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বাজার এলাকায় হামলার শিকার হন অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার দাস (৭৫)। দুর্বৃত্তরা রড ও হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়েছে। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানায়, ১ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কুমার দাসের বাড়িতে হানা দেয় সশস্ত্র মুখোশধারী ডাকাতরা। তারা বাড়ির সবাইকে জিম্মি করে এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একই রাতে পাশের মাজাই গ্রামে চানাচুর ব্যবসায়ী অখিল প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জিডির পরিপ্রেক্ষিতে তারা তদন্তে নেমে বুধবার সন্দেহভাজন আসামি ফরহাদ হোসেন সোহাগ ও অসীম বালা অসিতকে গ্রেপ্তার করে।
আসামি গ্রেপ্তারের জের ধরে সমর দাসের ওপর হামলা হয় বলে স্বজনরা জানিয়েছেন। তাঁর স্ত্রী জয়শ্রী রানী দাসের ভাষ্য, তাঁর স্বামী প্রতিদিনই বাজারে যান। বুধবার বিকেলে ডাক্তার দেখিয়ে চেম্বারে বসেছিলেন। ওই সময় ৫-৬ জন যুবক অতর্কিত হামলা করে। তারা রড ও হাতুড়ি দিয়ে পেটায়। এ সময় দুর্বৃত্তরা বলতে থাকে, কেন তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জয়শ্রী বলেন, ১ নভেম্বর বাড়িতে ডাকাতি হয়। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁর ছেলের মাথায় বন্দুক ঠেকিয়েছে, তাঁর মেয়েকে চড় মেরেছে। তাকে ও স্বামীকে মেরেছে। অসুস্থ মানুষটাকে না মারতে ওদের কাছে কাকুতিমিনতি করেছেন। খবর পেয়ে রাতেই পুলিশ এসেছিল। তারা জিডি করতে বলে। তারা হামলাকারীদের চেনেন না বলে কারও নামে অভিযোগ করেননি। তবুও তাঁর বৃদ্ধ স্বামীর ওপর হামলা হলো।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অতীশ দীপংকর বৃহস্পতিবার বিকেলে জানান, সমর দাসের ডান পা, হাঁটু, কাঁধ, পিঠসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের জায়গাগুলো ফুলে আছে। শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ব্যথা রয়ে গেছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের ভাষ্য, থানায় অভিযোগ করার কারণে স্কুলশিক্ষক সমর দাসকে দুর্বৃত্তরা পিটিয়েছে বলে শুনেছেন। তবে এ বিষয়ে অভিযোগ মেলেনি। তারা দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা করছেন।
- বিষয় :
- পিটুনি
