কিশোরগঞ্জ আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের মাংস বিতরণ
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৬:৩২
করোনাকালে বিপন্ন মানুষের মুখে একচিলতে হাসি ফোটাতে পারার মধ্যেও বিমল আনন্দ পাওয়া যায়। কিশোরগঞ্জে আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ এবার পবিত্র ঈদুল আযহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে সেই আনন্দের অংশীদার হলো। রোববার ঈদুল আযহার পরদিন স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক ছাউনিতে ৬টি গরুর কোরবানি বঞ্চিত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও বিত্তহীন অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জনপ্রতি ন্যূনতম তিন কেজি করে মাংস দেওয়া হয়।
যেসব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত প্রতি বছর কোরবানি দিতেন, এবার করোনার কারণে আর্থিক সংকটে তারা কোরবানি দিতে পারেননি। তাদের এই অক্ষমতা কারো কাছে প্রকাশও করতে পারেননি। এ রকম নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনে প্রথম কোরবানি দিতে পারিনি। ঈদের মতো আনন্দের দিনেও ছেলে মেয়েদের তুলে দিতে পারিনি এক টুকরো মাংস। আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ আমাদের মতো পরিবারকে কোরবানির আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পেরে ফোনের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত খোঁজ-খবর নেন। মানবিক উদ্যোগের জন্য আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু। মাংস বিতরণে অংশ নিয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ছড়াকার ও বিশিষ্ট লেখক জাহাঙ্গীর আলম জাহান, সমাজ সেবক ডা. হুসনা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, সংস্কৃতিকর্মী সৈয়দ রেজওয়ানউল্লাহ বাশার, কিশোরগঞ্জ সুহৃদের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম, সিনিয়র সদস্য ওমর ফারুক, মো. জহিরুল ইসলাম, তানিয়া সুলতানা, রিগ্যান প্রমুখ।
জাহাঙ্গীর আলম জাহান বলেন, আমরা কঠিন সময় পার করছি। এ অবস্থায় আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ মানবিক দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা প্রতি বছরই ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।