ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজারহাটে তুচ্ছ ঘটনায় হামলায় যুবক নিহত

রাজারহাটে তুচ্ছ ঘটনায় হামলায় যুবক নিহত
×

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৮:২৯

রাজারহাটে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তারর করে জেল হাজতে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর মজিদ গ্রামের মসজিদে গত বছর রমজান মাসে তারাবির নামাজের ইমাম-মোয়াজ্জিনের বেতন দেওয়ার জন্য মসজিদ কমিটি প্রত্যেকের ৩৫০ টাকা হারে চাঁদা নির্ধারণ করেন। এসময় ওই গ্রামের হতদরিদ্র আতিকুর রহমান (২৫) তারাবির চাঁদা ৩৫০ টাকার স্থলে ৩০০ টাকা প্রদান করলে মসজিদ কমিটির সভাপতি ছাইফুল হাজী টাকা কম নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়রা আপোস মিমাংসার চেষ্টা করলেও প্রভাবশালী ছাইফুল বিষয়টি আপোস করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর থেকে এক বছর তিন মাস ধরে আতিকুরের ভাতিজা ঢাকায় কর্মরত রওশন আলি (২৮) ছাইফুলের ভয়ে পালিয়ে ছিল। এবারে ঈদুল আযহার পূর্বে সে বাড়িতে আসে। শনিবার ঈদের দিন রওশন তার চাচা আক্কাছ আলী (৩০) ও ফুফাতো ভাই সুমনসহ (১৮) নাজিমখাঁন ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামে তার বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে ওই দিন সন্ধ্যায় ছাইফুলের চার ছেলে মিল্টন, মোস্তাক, তারা মিয়া ও চাঁদ মিয়াসহ তার লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী রওশনের ওপর হামলা করে। রওশনকে রক্ষা করতে আক্কাছ আলী ও সুমন এগিয়ে এলে আসামিরা ধারালো রামদা দিয়ে আক্কাছের মাথায় কুপিয়ে এবং সুমনের শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। পরে তাদের দুজনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে কর্তব্যরত চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন। সুমন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

এদিকে ঘটনার রাতেই পুলিশ রুস্তম আলী (৫৫), জুয়েল (৩০) ও সাজিনা আক্তার সিমা (৪০) নামের তিন আসামিকে গ্রেপ্তার করে রোববার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। 

রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 

আরও পড়ুন

×