ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভবন থেকে পড়ে নিহত প্রবাসীর বাড়িতে মাতম

ভবন থেকে পড়ে নিহত প্রবাসীর বাড়িতে মাতম
×

মো. সফিক

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০৭:৫০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

জীবিকার তাগিদে পরিবার থেকে হাজার মাইল দূরে ভিনদেশের মাটিতে ঘাম ঝরিয়ে করছিলেন স্বপ্নপূরণের লড়াই। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল একটি দুর্ঘটনায়। মধ্যপ্রাচ্যের বাহরাইনে ১৯ তলা ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারালেন রেমিট্যান্স যোদ্ধা মো. সফিক। তিনি চাঁদপুরের কচুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোয়া-চাঁদপুর এলাকার মিয়াজী বাড়ির সন্তান।

জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে বাহরাইনের রাজধানী মানামার ছিটমহল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১৯ তলা থেকে পড়ে আহত হন সফিক (৪০)। সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সফিক ২২ বছর ধরে বাহরাইন প্রবাসী। মাত্র পাঁচ মাস আগে দেশে এসে পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে আবার বিদেশ চলে যান। তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। স্ত্রী, ১১ বছরের ছেলে সানজিদ আহমেদ রিয়াদ ও পাঁচ বছরের মেয়ে সায়মাকে নিয়ে দিশেহারা পরিবার। তার বাবা বাচ্চু মিয়া কাঁদতে কাঁদতে বলেন, তাঁর ছেলের অনেক স্বপ্ন ছিল। দেশে ফিরে নিজের বাড়ি করবে, সন্তানদের মানুষ করবে– সেই আশা নিয়েই গিয়েছিল। এখন শুধু লাশ ফিরবে দেশে। 

 

আরও পড়ুন

×