নারায়ণগঞ্জ-৩ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন জাবেদ আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ২২:০৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমান এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মো. জাবেদ আলম।
নির্বাচনে জুলাই আগষ্টের ত্যাগকে স্মরণ করিয়ে দিতে জুলাইয়ে নিজ বাসার বারান্দায় হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মৃত্যুবরণ করা শহীদ সুমাইয়ার শিশু সন্তানের হাত দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. জাবেদ আলম। গত সপ্তাহের রোববার মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া অনেকেই জাবেদ আলমের মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের কর্মীরাও সাথে ছিলেন।
এনসিপি নেতা মো. জাবেদ আলম বলেন, এবারের নির্বাচন মূলত শহীদ আহতদের সর্বোচ্চ ত্যাগের ফল। তাই এ নির্বাচনে তা সকল দলমতের প্রার্থীদেরকে স্মরণ করিয়ে দিতে শহীদ পরিবারের নিষ্পাপ শিশুর হাত দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, এই দায়িত্বের পবিত্রতা রক্ষায় জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি আমার নির্বাচনী এলাকার মানুষজনের কাছে দোয়াপ্রার্থী।
