ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
×

ফাইল ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২২:৫০

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. রমজান আলী (৪২)। তিনি ভুজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপাড়ার মো. হারুনের ছেলে। রাবার ড্যাম এলাকায় দীর্ঘদিন ধরে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রমজান। পথে রাবার ড্যাম এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এক পর্যায়ে রমজানকে লক্ষ্য করে গুলি ছুড়ে তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে রমজানকে উদ্ধার করে স্থানীয় কাজীরহাট জেনারেল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. লোকমান বলেন, ছিনতাইকারীরা রমজানের পায়ে গুলি করে এবং টাকা ছিনিয়ে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

আরও পড়ুন

×