ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাঁজা কেনার সময় ১০ টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম

গাঁজা কেনার সময় ১০ টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
×

প্রতীকী ছবি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৬

কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে।

আহত কিশোর কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরের স্বজনেরা জানান, রোববার শেরকান্দি পশুহাট এলাকার মাদক ব্যবসায়ী আরিফের কাছে গাঁজা কিনতে যায় ওই কিশোর। ১০ টাকা কম দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে স্কুলে যাওয়ার পথে আরিফের লোকজন তাকে ধাওয়া করে। কিশোর দৌড়ে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। সেখানে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কিশোরের পিঠ, ঘাড় ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার পর থেকেই আরিফ গা-ঢাকা দিয়েছেন। তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, কিশোরের শরীরে একাধিক আঘাতের ক্ষত রয়েছে। তবে সে শঙ্কামুক্ত।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×