নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি-সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৪:০১
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে থাকা দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসের উপরের অংশ আগুনে পুড়ে যায়।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যাই। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছাই। সকাল থেকে ঘটনাস্থলে আছি। অগ্নিকাণ্ডের বিষয় নিয়ে সিনিয়র অফিসারদের নির্দেশ মোতাবেক কাজ শুরু করেছি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাটি নাশকতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
