ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস
×

ছবি: সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৩

ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গ্যারেজের সামনে একটি বিকল বাস মেরামতের জন্য রাখা হয়েছিল। শনিবার ভোররাতে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, মাসিক চুক্তিতে ত্রিশাল কনজুমার টেক্সটাইল কারখানার শ্রমিকদের পরিবহন কাজে ব্যবহৃত হতো বাসটি। কিছু দিন আগে বাসটি বিকল হয়ে পড়ে। পরে ত্রিশাল সদর ইউনিয়নের বাগান গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গ্যারেজে মেরামতের জন্য পার্কিং করে রাখা হয়। শনিবার ভোররাতে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস অফিসে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

বাস মালিক আবু হানিফ জানান, বাসটি কনজুমার টেক্সটাইল ভালুকা শাখার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত হতো। ১৫ দিন আগে বিকল হওয়ায় মেরামতের জন্য ত্রিশাল কনজুমার টেক্সটাইল-সংলগ্ন তাঁরই গ্যারেজের সামনে রাখা হয়েছিল। শনিবার ভোররাতে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষতির পরিমাণ লাখ দেড়েক টাকার মতো হবে। মামলা-সংক্রান্ত কোনো ঝামেলায় যেতে চান না বলে থানায় অভিযোগ করেননি তিনি।

ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, মেরামতের জন্য পার্কিং করে রাখা বাসটিতে আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×