ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ
×

দৌলতদিয়া ফেরিঘাট। ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৮

রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শনিবার সকাল ৯টা থেকে ঘাটটি বন্ধ রাখা হয়।

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়। ঘাটটি বন্ধ করে দেওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ ৭ নম্বর ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌরুটে যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চালু রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারেং) হুমায়ন কবির বলেন, শনিবার সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং করা হচ্ছে। এ কারণে এ ঘাট বন্ধ রয়েছে। কবে ঘাটটি সচল হবে, সেটা আমি বলতে পারছি না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ঘাটটি সচল হবে। তিনি জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১২টি ফেরি চলাচল করছে। এই ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আরও পড়ুন

×