কুড়িগ্রামের সরকারি নির্দেশনা উপেক্ষা
বিজয় দিবসে পার্ক বন্ধ হতাশ শিশুরা
বিজয় দিবসে শিশুদের জন্য পার্ক খোলার নির্দেশনা থাকলেও বন্ধ ছিল কুড়িগ্রামের জেলা পরিষদ শিশু পার্ক সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র শিশুদের জন্য দিনব্যাপী বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়। বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি।
জাতীয় এই দিনে জেলা পরিষদের অধীন শিশু পার্কটি সম্পূর্ণ বন্ধ ছিল। পৌরসভার শিশু পার্ক নামমাত্র খোলা থাকলেও অধিকাংশ রাইড নষ্ট। নিরাপত্তা ঝুঁকি ও অব্যবস্থাপনার কারণে সেখানে শিশুদের খেলাধুলা করা সম্ভব হয়নি।
পার্কের ফটকে তালা, ফিরে গেল শিশুরা
বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, বিজয় দিবসের ছুটিতে অনেক অভিভাবক শিশুদের নিয়ে শিশু পার্কে আসেন। কিন্তু জেলা পরিষদের শিশু পার্কের প্রধান ফটকে তালা ঝুলতে দেখে তারা হতাশ হয়ে ফিরে যান। পৌরসভার পার্কে এসে অনেকেই দেখেন, সেখানে খেলার মতো কিছুই নেই।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে, বিজয় দিবসের মতো জাতীয় দিবসে শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি। এতে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় শিশুরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
পুরাতন থানাপাড়ার সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া সরকার বলে, ‘সকালে দেরিতে উঠেছি, তাই স্টেডিয়ামেও যাওয়া হয়নি। শিশু পার্কে এসে দেখি তালা দেওয়া।’ চিলমারী থেকে আসা রিয়াদুল ইসলাম বলেন, ‘বিজয় দিবসে পার্ক খোলা রাখার কথা ছিল। দুপুর ৩টা বাজে, এখনও পার্ক বন্ধ। তাই চলে যাচ্ছি।’
রাজারহাট উপজেলা থেকে আসা শিক্ষার্থী দিগন্ত সরকারের ভাষ্য, জেলা পরিষদের পার্ক বন্ধ। পৌরসভার পার্কে এসে দেখেন ফাঁকা মাঠ ছাড়া কিছুই নেই।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘সকালে শিশুরা স্টেডিয়ামে ছিল। দিনব্যাপী খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পৌরসভার পার্কটি অকেজো এবং জেলা পরিষদের পার্ক আমরা এখনও বুঝে পাইনি। বিকেলে
পার্ক খুলে দেওয়া হবে।’
- বিষয় :
- শিশু পার্ক
