স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া, ১৫ দিন পর মিলল নারীর ঝুলন্ত মরদেহ
ছবি: সমকাল
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৬
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা (২৪) আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ‘আলীশান’ নামে একটি আবাসিক হোটেলের ১০৫ নাম্বার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্বামী পরিচয় দেওয়া আরিফকে পাওয়া যায়নি।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার নামে দু’জন পর্যটক পরিচয় হোটেলে অবস্থান করেন। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা হোটেলে অবস্থান করে থাকছিলেন। হঠাৎ বুধবার রাতে বাইরে থেকে কক্ষটি তালাবদ্ধ দেখে এবং ওই পর্যটকদের কোনো সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে নারী পর্যটককে সিলিং ফ্যান ঝুলতে দেখে।
হোটেলের ডায়েরি অনুযায়ী, আরিফ তার ঠিকানায় উল্লেখ করেছেন- তিনি পটুয়াখালী সদর উপজেলার পুকুরজানার ধনখালীর শহিদুল ইসলামের ছেলে। তবে নিহত ওই নারীর কোনো ঠিকানা উল্লেখ নেই।
আলীশান নামের ওই হোটেলের মালিক শহীদ হোসেন বলেন, ‘আমি প্রথমে তাদের কাছে কক্ষ ভাড়া দিয়েছি দিন হিসেবে। তিন দিন পর তারা মাসিক চুক্তিতে ভাড়া নেয়। তারা ২ তারিখ থেকে আমার হোটেলে অবস্থান করছেন। এতদিন কোনো ধরনের চিল্লাচিল্লি বা ঝামেলা হতে দেখিনি। গতকাল বিকেল থেকে রুম তালাবন্ধ দেখি এবং অনেক রাত পর্যন্ত কোনো খবর না পেয়ে কক্ষের জানালা দিয়ে তাকিয়ে দেখি ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলছেন এক নারী। তখন তার স্বামী আরিফ কক্ষে ছিলেন না। আমি সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানাই।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান সমকালকে বলেন, পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের কাবিননামা উদ্ধার করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, ওই কাবিননামা ও পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।
