ধামরাইয়ে দলীয় প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা এনসিপির
সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৪
নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীরা। ঢাকা-২০ (ধামরাই) আসনে দলটির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা শাখার নেতাকর্মীরা।
আজ বিকেলে ধামরাই উপজেলার ঢুলিভিটায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন।
দল মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের বিরুদ্ধে মনোনয়ন ঘোষণার আগে এলাকায় তাঁর কোনো পরিচিতি না থাকা, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকা এবং স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগ এনে তাঁকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটি ঢাকা-২০ (ধামরাই) আসনে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করেছে। কিন্তু মনোনীত ব্যক্তির ধামরাইয়ের নেতাকর্মীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনকি তাকে কেউ চেনেন না। তিনি জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার আন্দোলনেও অংশ নেননি।
তিনি আরও অভিযোগ করেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা গত ১০ ডিসেম্বর প্রাথমিক পর্যায়ে ১২৫ জন মনোনয়নপ্রত্যাশীর নাম ঘোষণা করেন। সেখানে নাবিলা তাসনিদের নাম উল্লেখ করা হয়। তাকে মনোনীত করায় তাৎক্ষণিকভাবে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে ধামরাই উপজেলার নেতারা লিখিতভাবে প্রতিবাদ জানান। কিন্তু এরপরও কেন্দ্রীয় ও জেলার কোনো নেতা মনোনীত ব্যক্তির সঙ্গে উপজেলার নেতাকর্মীদের পরিচয়ও করিয়ে দেননি। এমনকি মনোনীত প্রার্থীও সোমবার পর্যন্ত ধামরাইয়ের এনসিপির কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেননি। এসব কারণে মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়েছি বলেই এনসিপির কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দিয়েছি।
যোগাযোগ না থাকার বিষয়ে স্থানীয় নেতাদের অভিযোগ সত্য নয় দাবি করে তিনি বলেন, স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাদের বাসায়ও গিয়েছি আমি। সে প্রমাণও আমার কাছে আছে। এখন তারা এমন কথা কেন বলছেন জানি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিবের কাছে এনসিপির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ মনোনয়নপত্র জমা দেন। এসময় স্থানীয় এনসিপির কেউ সেখানে ছিলেন না। প্রার্থীর সঙ্গে ছিলেন তাঁর এলাকার কিছু স্বজন। নাবিলা তাসনিদের বাড়ি উপজেলার চৌহাট ইউনিয়নের পাড়াগ্রামে। তবে তিনি ঢাকায় থাকেন।
