দোহাজারী-চট্টগ্রাম রেলপথ
কৃষিপণ্য পরিবহনে ট্রেনে যুক্ত হলো লাগেজ কোচ
ছবি: সমকাল
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ২১:২২
চট্টগ্রামের দোহাজারী ও সাতকানিয়া অঞ্চলের কৃষিপণ্য পরিবহন সহজ করতে দোহাজারী-চট্টগ্রাম রেলপথের দুটি ট্রেনে অতিরিক্ত লাগেজ কোচ সংযোজন করা হয়েছে।
বৃহস্পতিবার দোহাজারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে লাগেজ কোচটির উদ্বোধন করা হয়। এটি সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে যুক্ত হবে।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ লাগেজ কোচ সংযোজন করে। এর মাধ্যমে এখন থেকে এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালপত্র কম খরচে ও নিরাপদে পরিবহন করতে পারবেন কৃষকরা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শহীদুল আনোয়ার, দোহাজারী স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে এ লাগেজ কোচ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা পরিবহন ব্যয় কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্য পেতে সহায়তা করবে। অনুষ্ঠানে কৃষক ও সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়।
তবে কৃষকরা মনে করেন, সকালের ট্রেনের সঙ্গে এ কোচ যুক্ত করলে তারা বেশি উপকৃত হতেন। কারণ, শাকসবজি সকালে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন স্থানে চলে যায়। এ কারণে দুপুরে এ ট্রেনে নেওয়ার জন্য পণ্য তেমন অবশিষ্ট থাকবে না। তাই ট্রেনের কোচটি সকালে চালুর দাবি জানান কৃষকরা।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত এ লাগেজ কোচের মাধ্যমে দোহাজারী থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে কৃষিপণ্য ও মালপত্র পরিবহন করা যাবে।
