চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, উপ-উপাচার্যকে প্রবেশে বাধা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচিতে ছাত্রদল। ছবি-সমকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বজনপ্রীতি ও নিয়োগে অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে এই কর্মসূচি শুরু হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন মূল গেট দিয়ে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১টার দিকে উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন মূল ফটক দিয়ে ভবনে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। পরে বাধ্য হয়ে তিনি ভবনের অন্য একটি পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।
আন্দোলনের বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান বলেন, ‘গত দেড় বছরে নিয়োগের নামে বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ ও এলাকাকরণ করা হয়েছে। সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো কাজ না করে কেবল নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত। এই প্রশাসনের পদত্যাগ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘আমি দাপ্তরিক কাজে প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছে। পরে জরুরি কাজ থাকায় অন্য একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি।’
- বিষয় :
- চট্টগ্রাম
- চবি
- ছাত্রদল
- শিক্ষার্থী
- অবস্থান কর্মসূচি
