বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৪:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৫:১৬
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে শুরুতে ৩৭ জন সাঁতারু নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু হয়। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দীন। প্রতিযোগীরা সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে সাঁতার শেষ করবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
এবারের বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিয়েছেন ঢাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল। এর আগে তিনি ছয়বার বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দিয়েছেন। ২০২১ সালে একবার ডাবল ক্রস ছাড়াও সর্বশেষ ২০২৩ সালে তিনি ৩ ঘণ্টা ৫০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু এমএসটি সোহাগী আক্তারও এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
সপ্তমবার বাংলা চ্যানেল জয়ের লক্ষ্যে অংশ নেওয়া সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘এর আগে ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। ২০২১ সালে একসঙ্গে ডাবল ক্রস করেছি। আজ সাগর কিছুটা প্রতিকূল হলেও আবারও প্রথম হওয়ার চেষ্টা করব।’
‘কিং অব বাংলা চ্যানেল’ খ্যাত, ২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু এবং ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, ‘এবার দুইজন নারীসহ ৩৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে এই সাঁতার পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাঁতারুর সঙ্গে বোট ও উদ্ধারকর্মী রয়েছে। আমরা বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি।’
তিনি আরও জানান, এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক পিএলসি। এছাড়া ‘পাওয়ার্ড বাই’ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডাইনামিক ডেন্টিস্ট্রি। ইভেন্ট পার্টনার হিসেবে ভিসাথিং, স্টুডিও ঢাকা এবং সরকার এগ্রো সহযোগিতা করছে।
- বিষয় :
- কক্সবাজার
- সাঁতার
- সাঁতারু
- বাংলা চ্যানেল
- শাহপরীর দ্বীপ
