ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান জনকল্যাণে লাগানোই সার্থকতা: শিক্ষা উপদেষ্টা

ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান জনকল্যাণে লাগানোই সার্থকতা: শিক্ষা উপদেষ্টা
×

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ২১:০৫

ডিগ্রি অর্জনই শেষ সাফল্য নয়, বরং অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাজীবন শেষে গ্র্যাজুয়েটরা কর্মজীবনের এক বৃহৎ পরিসরে প্রবেশ করছে। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়; বরং দেশ, জনগণ ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।’

শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এখন বড় সিদ্ধান্তের মুখোমুখি। আমাদের বেছে নিতে হবে– আমরা কি পুরোনো বৈষম্যের পথে হাঁটব, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে। এ ক্ষেত্রে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার গুরুত্ব অপরিসীম।’

সমাবর্তন বক্তা হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘স্নাতক ডিগ্রি কোনো পুরস্কার নয়, এটি একটি প্রতিশ্রুতি। বর্তমান বিশ্ব হার্ড স্কিল ও সফট স্কিলের সমন্বয়ে চলে। তাই শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলে হবে না; দক্ষ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।’ উচ্চাকাঙ্ক্ষা যেন সংকীর্ণ না হয়ে সমাজ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ইএসটিসিডিটির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।

সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১৬৮ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া কৃতী শিক্ষার্থী হিসেবে সাতজনকে ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আরও পড়ুন

×